বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নজরুল বর্ষে দেশের সব আলিয়া মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চা ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশের সব মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ বিষয়ে নির্দেশনাসংবলিত চিঠি প্রকাশ করে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশের সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও এবতেদায়ি প্রধানের পাশাপাশি জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতচর্চা জোরদার, তাঁর সৃষ্টিকর্ম সংরক্ষণ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি নতুন প্রতিভা অন্বেষণ এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে নজরুলের ইসলামী সংগীত ও গজল, হামদ-নাত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, রচনা, একক নৃত্য, নির্ধারিত বক্তৃতা ও উপস্থিত বক্তৃতা। শিক্ষার্থীদের স্তর অনুযায়ী আলাদা বিভাগ ও প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে, যাতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী অংশ নিতে পারে।

রচনা প্রতিযোগিতায় মৌলিক লেখা জমা দিতে হবে। রচনা হাতে লিখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী তথ্যসূত্র ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের স্তরভেদে রচনার শব্দসীমা নির্ধারণ করা হয়েছে ৫০০ থেকে ২ হাজার শব্দ।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা সম্পন্ন করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

জমজম পানির ফজিলত

ফুল ফুটবেই

দিন শেষ হয়ে এলে 

আলোর পথের যাত্রী 

সর্বশেষ সংবাদ