নিজস্ব প্রতিবেদক
মুয়াজ্জিনদের আজান ও ইকামাতের বিশুদ্ধ উচ্চারণ, সুর ও কণ্ঠের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিত্ব উন্নয়ন, দ্বীনি জ্ঞান এবং আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনায় দক্ষ করে তুলতে দ্বিতীয় দফায় ১০ দিনব্যাপী ‘মুয়াজ্জিন প্রশিক্ষণ প্রোগ্রাম’ আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এতে মুয়াজ্জিনদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদর্শ মুয়াজ্জিন হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের নির্ভুল ও বিশুদ্ধ উচ্চারণ, সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল এবং পবিত্র মদিনা ও মিসরীয় ঐতিহ্যবাহী সুরের অনুশীলন করানো হবে।
এ ছাড়া কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ ও স্কেল ঠিক রাখার বিশেষ ব্যায়াম, তারবিয়াহ, ব্যক্তিত্ব উন্নয়ন, আদর্শ মুয়াযযিনের গুণাবলি, যোগাযোগ ও সমঝোতা দক্ষতা এবং আধুনিক সাউন্ড সিস্টেম পরিচালনার কারিগরি বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রুকইয়াহ সেশন ও প্যারেন্টিং বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে।
প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা থাকবে। পাশাপাশি যাতায়াত খরচ প্রদান, প্রশিক্ষণ শেষে সনদ এবং দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে ব্যক্তিগত মূল্যায়ন ও পরিচর্যার সুযোগ থাকছে।
আগ্রহীদের আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফোনের মাধ্যমে জানিয়ে ১৯ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়ার জন্য ডাকা হবে।
প্রশিক্ষণ কার্যক্রম চলবে ২০ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে। আবাসিক ও অনাবাসিক—উভয় ধরনের সুবিধা থাকলেও আসন সংখ্যা সীমিত বলে জানিয়েছে আয়োজকরা।
বর্তমানে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ব্যক্তিরা এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট মসজিদ কমিটির প্রত্যয়নপত্র প্রয়োজন হবে।
এ ছাড়া আবেদনকারীকে কুরআনের হাফেজ অথবা নাহবেমীর কিংবা আলিয়া থেকে দাখিল পাস হতে হবে। কণ্ঠে সুর এবং তা আয়ত্ত করার সক্ষমতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীরা নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, সাতারকুল, কাজীবাড়ি ক্যাম্পাস (কবরস্থানের পাশে), উত্তর বাড্ডা, ঢাকায় যোগাযোগ করা যাবে। প্রয়োজনে ০১৮০৫৪৩৭৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।
এসএইচ/