আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী মেয়েদের স্কুলে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই দেশটির সরকারি ও বেসরকারি সব স্কুলে এ আইন প্রযোজ্য হবে। আইন অমান্য করলে ১৫০ থেকে ৮০০ ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
নতুন আইনে মুসলিম মেয়েদের হিজাবসহ স্কুলে মাথা ঢাকার বিভিন্ন ধরনের আবরণ নিষিদ্ধ করা হয়েছে। গত সোমবার ভিয়েনা, লোয়ার অস্ট্রিয়া ও বুর্গেনল্যান্ডে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। অস্ট্রিয়ার অন্যান্য অঞ্চলের স্কুলগুলো আগামী সপ্তাহে খুলবে।
আইন অনুযায়ী, কোনো ছাত্রী স্কুলে হিজাব পরলে প্রথমে শিক্ষক তাকে এবং তার বাবা-মা বা অভিভাবকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। এরপরও ওই ছাত্রী হিজাব পরলে জরিমানা আরোপের বিধান রয়েছে।
তবে অস্ট্রিয়ার শীর্ষ মুসলিম সংগঠন ইসলামিক কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও) নতুন আইনের বিরোধিতা করে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। সংগঠনটি জানিয়েছে, কোনো মেয়ে বা তার পরিবার মনে করলে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে, তাহলে আইনি লড়াইয়ে তাদের সহযোগিতা করা হবে। প্রয়োজনে বিষয়টি অস্ট্রিয়ার সাংবিধানিক আদালত পর্যন্ত নেওয়া হবে।
আইনটি কার্যকর হওয়ার আগেই রাজধানী ভিয়েনায় এর বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছিল। সমালোচকদের মতে, নতুন এই নিষেধাজ্ঞা ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/