বাংলাদেশের টিভি দর্শকদের মাঝে আশি ও নব্বইয়ের দশকে দেশীয় নাটকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তবে নব্বইয়ের শেষ প্রান্তে এসে ধীরে ধীরে সেই জায়গা দখল করে নেয় ভারতীয় সিরিয়াল। প্রায় এক দশক ধরে বাংলার প্রতিটি ঘরে রাজত্ব করে এ ধারার নাটকগুলো।
কিন্তু এখন সেই প্রেক্ষাপট বদলে যাচ্ছে। ভারতীয় সিরিয়ালের জায়গা দখল করে নিচ্ছে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিয়াল। এই ধারার নাটকের প্রতি দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে, যার সূচনা ২০১৫ সালে দীপ্ত টিভির ‘সুলতান সুলেমান’ ধারাবাহিক দিয়ে। ইতিহাসভিত্তিক এই সিরিজটি ওসমানিয়া সাম্রাজ্যের শাসক সুলতান সুলেমান ও তার স্ত্রী হুররেম সুলতানকে কেন্দ্র করে নির্মিত, যা রাতারাতি দর্শকমহলে আলোড়ন তোলে।