কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভিন্ন বিভাগ ও চিকিৎসা কেন্দ্রে শিক্ষক ও মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বেতন-ভাতাসহ মোট ৩৫টি পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
এর মধ্যে ৩৩টি প্রভাষক, একটি সহকারী অধ্যাপক ও একটি মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদ রয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
রোববার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন করে প্রভাষক নেওয়া হবে।
অন্যদিকে লোক প্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে একজন মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) নিয়োগ দেওয়া হবে।
প্রভাষক পদে বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের সংশ্লিষ্ট পদের নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।
আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্ধারিত ফরমে আবেদন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে।
এসএইচ/