পবিত্র ইসলাম ধর্ম, পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য পোস্ট করার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রিন্স রায় দীপ্ত (২২) উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিকিল রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রিন্স রায় দীপ্ত সম্প্রতি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্যসংবলিত একটি পোস্ট দেন বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাহিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাজারো মানুষ অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দুপুর থেকে উপজেলার বাদাঘাট বাজার এলাকায় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়ায় মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
আইও/