গাজীপুর মহানগরীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগে গত দুই দিনে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত রোববার রাতে ৪ ও গতকাল সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সম্প্রতি মহানগরীর বিভিন্ন এলাকায় যুবলীগের একটি মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে হুমকি, সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বাসন, টঙ্গী, গাছা, পূবাইল, কোনাবাড়ী, কাশিমপুর ও সদর থানাসহ বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিএমপি জানায়, বাসন এলাকা থেকে মোক্তার হোসেন, মোখলেছ ও জিন্নাত আলীকে আটক করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে পূবাহ ইসলাম সুমন ও নাছির; পূবাইল থেকে মাহফুজ দেওয়ান ও মাসুদুর রহমান; গাছা এলাকা থেকে ওমর ফারুক খান, শহিদুল ইসলাম ও মাহফুজুর হক হিমেলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া টঙ্গী পূর্ব এলাকা থেকে ফখরুল হোসেন মিলন ও আবু সিদ্দিক; কোনাবাড়ী থেকে নাসির উদ্দিন মোল্লা ও সাব্বির হোসেন; কাশিমপুর এলাকা থেকে শাফিম আহম্মেদ ও খোকন মিয়াসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। সদর থানা এলাকা থেকেও শাকিল হোসেন ও মিজানুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মহানগরজুড়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত অন্যদের শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেডএম/
