এপ্রিল মাসজুড়ে দেশের ওপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। গত মাসে কখনো তীব্র, কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত ৩০ এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। এর আগের দিন ২৯ এপ্রিল ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।
তবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ায় চলতি মে মাসের শুরু থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। ফলে ঢাকাসহ সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার এ ধারাবাহিকতায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩০ ডিগ্রির নিচে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, পরের দিন শনিবার যা নেমে আসে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার পর্যন্ত ঢাকায় তাপপ্রবাহ থাকলেও সোমবার তা নেমে আসে ৩০ ডিগ্রির নিচে।