মিযানুর রহমান জামীল
দেশ বিদেশের অনেক আলেমের সান্নিধ্য লাভ করেছি আমি, সোহবত পেয়েছি আকাবিরে দেওবন্দের অনেক উত্তরসূরীর— আলহামদুলিল্লাহ। দেশের নানান প্রান্তে মাথা নিচু করে ফেইস লুকানো মানব দরদী এমনও অনেক আলেম আছেন— যাদের তাকওয়া ফরহেজগারীর কারণেই এ পাপেভরা জনপদ টিকে থাকার ইশারা দেয় মন। এ সকল হক্কানী আলেমের একেকজন একেক বৈশিষ্ট্যের অধিকারী।
যারা শব্দ আর বাক্যের গাঁথুনীর চেয়ে বেদনা ও সময়ের আবেদনে নির্মাণ করেন বদান্যতার সৌধ। মানুষের সময়গুলো ধারণ করেন এমন ব্যক্তির সংখ্যা হাতেগোনা। তারা মানুষের মনের ভাষা যতটা বোঝেন তারচে বেশি বোঝেন জীবন ও সংগ্রামের ভাষা। এ জন্যই সৃষ্টির জয় পরাজয়, এগিয়ে চলা বা পিছিয়ে পড়া সহজেই অনুভব করতে পারেন তারা।