বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

কওমি অঙ্গনে বিরাজমান অস্থিরতা থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষাব্যবস্থার সুরক্ষা এবং উলামায়ে কেরামের শান ও মান বজায় রেখে স্বাভাবিক অবস্থায় নানামুখী দীনী কার্যক্রম চালিয়ে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরির উদ্যোগ নিতে বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয় গতকাল (২৫ এপ্রিল) রোববার।

আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান’র সভাপতিত্বে রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এ সভাতে গৃহিত হয় ছয় সিদ্ধান্ত। সিদ্ধান্তগুলোর মধ্যে একটি সিন্ধান্ত ছিল ‘আল-হাইআতুল উলয়ার আজকের সভার সিদ্ধান্ত সম্পর্কে সরকারকে অবহিত করার জন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে।’

এ লক্ষ্যে গঠন করা হয় তিন সদস্যের প্রতিনিধি দল। দলের সদস্যগণ হলেন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মোহতামিম মাওলানা মুফতি রুহুল আমীন, জাতীয় দীনী মাদরাসা শিক্ষাবোর্ডের মহাসচিব ও রাজধানী ঢাকার আফতাব নগর মাদরাসার মুহতামিম  মাওলানা মুফতি মোহাম্মদ আলী, চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি জসীমুদ্দীন।

গতকালের এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করার লক্ষ্যে আজ সোমবার দিবাগত রাত আল-হাইআতুল উলয়ার ৩ সদস্যের একটি প্রতিনিধিদল মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

তিনি জানান আল-হাইআতুল উলিয়া গতকাল যে সিদ্ধান্তগুলো নিয়েছে; আজ সেগুলো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করা হবে এবং আল-হাইআতুল উলিয়া’র চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের লিখিত একটি চিঠি তারা মাননীয় মন্ত্রীর কাছে পৌঁছে দিবে।

আজ কখন আল-হাইয়াতুল উলিয়ার প্রতিনিধিদল মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবে জানতে চাইলে তিনি বলেন, আজ দিবাগত রাত সাড়ে নয়টার দিকে প্রতিনিধিদল মাননীয় স্বরাস্ট্রমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাত করবে।<