আবদুল লতিফ নেজামী
সন্ত্রাস-জঙ্গিবাদ এখন টক অব দ্য ওয়ার্ল্ড। শুধু বাংলাদেশ নয়, বলতে গেলে সারা বিশ্বই এখন সন্ত্রাস-জঙ্গিবাদে বিপর্যস্ত। এই মারাত্মক ব্যাধিতে এখন সারাবিশ্বই আক্রান্ত। সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার বিশ্ববাসী। বাংলাদেশসহ বিশ্বের শহর-বন্দরে পালিত হচ্ছে সন্ত্রাস বিরোধী সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি। গুলশান হলি আর্টিজান রেস্তোরায় এবং শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে ভয়ংকর হামলার পর এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও সংগঠন মাঠে নেমেছে। এমনকি যারা এতোদিন কোনো কর্মসূচি পালন করতে পারেনি, তাঁরাও সন্ত্রাসবিরোধী সভা-সমাবেশ করার সুযোগ পাচ্ছে। গুলশান হলি আর্টিজান রেস্তোরায় ও শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে সন্ত্রাসী হামলা সংঘটিত হওয়ার পর প্রচারণার ক্ষেত্রে গুণগত পরিবর্তন এসেছে। আগে যে কোনো ধ্বংসাত্মক কর্মকা- সংঘটিত হলেই এর জন্যে দোষারোপ করা হতো ইসলামি দল, সংগঠন ও ব্যক্তিত্বকে। মাদরাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র হিসেবে আখ্যায়িত করে প্রগলভ উক্তি করা হতো। বলা হতো মাদরাসা ‘ভয়ংকর বিপজ্জনক’। মাদরাসা সম্পর্কে তাদের এ ধরনের উক্তি যে জ্ঞানস্বল্পতারই পরিচায়ক তা এবার প্রমাণিত হয়েছে। মাদরাসা সম্পর্কে তাঁদের এ ধরনের উক্তি ও মন্তব্য যে সঠিক নয়, দেশবাসী এবার তা হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছেন।
ইসলামবিরোধী শক্তি এতোদিন ইসলামে জঙ্গিবাদ আবিষ্কার ও ইসলামপন্থিদের জঙ্গি হিসেবে চিহ্নিত করে সমাজে ইসলামপন্থিদের হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়ে আসছে। এর লক্ষ্য হচ্ছে ইসলামপন্থিদের প্রতি জনগণকে শত্রুভাবাপন্ন করে তোলা। তাছাড়া প্রতিদ্বন্দ্বি বিবেচনায় জঙ্গি, সাম্প্রদায়িক, সন্ত্রাসী অভিযোগ এনে ইসলামপন্থিদের সমূলে ধ্বংস করাই তাদের মিশন। অথচ বিশ্বের নবপ্রজন্ম এখন ইসলামের দিকে ঝুঁকছে। যুবকশ্রেণিকে নীল আকাশের মতই চিরমুক্ত, চিরউদার, চিরনির্মল ইসলামের পতাকাতলে জড়ো হতে দেখা যাচ্ছে। বিশ্বায়নের সকল বেড়াজাল ছিন্ন করে ইসলামি আদর্শ পুনরায় জনগণকে নাড়া দিতে শুরু করছে। প্রবল প্রতিবন্ধকতা উপেক্ষা করে দেশে দেশে ইসলামের পতাকা হাতে জনগণ অগ্রসর হচ্ছে। ইসলামি চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যাচ্ছে।