নিজস্ব প্রতিবেদক
আলিয়া ও ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের মানোন্নয়নে স্কুল-কলেজের মতো সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবিএম জাকারিয়া। তিনি বলেছেন, মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে আলিয়া ও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন ফোরামের নেতারা। এ সময় প্রতিটি উপজেলায় একটি করে আলিয়া মাদরাসা সরকারি করাসহ ২০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি মহাপরিচালকের হাতে তুলে দেন এবিএম জাকারিয়া।
এর আগে একই দিন সকালে জাতীয় শিক্ষক ফোরামের নেতারা বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আলিয়া মাদরাসার উন্নয়নে ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি চেয়ারম্যানের কাছে দেওয়া হয়।
সাক্ষাৎকালে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও মদীনাতুল উলুম কামিল মাদরাসা, তেজগাঁওয়ের ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ নেছার উদ্দীন, সহ-সভাপতি ও কুড়িগ্রাম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নূর বখত, সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল কেএম জাহিদ তিতুমীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আলী আকবর সিদ্দিকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএম আমীর হুসাইন, কেন্দ্রীয় ইবতেদায়ী মাদরাসা বিষয়ক সম্পাদক মাওলানা শেখ নজরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক এম ইউসুফ আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএইচ/