বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ।। ২৯ শ্রাবণ ১৪৩৩ ।। ৩০ সফর ১৪৪৮


আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিসের বৈঠক, নতুন দায়িত্বে ৬ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশের মজলিসে আমেলার সদস্য ও থানা প্রতিনিধিদের সমন্বয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বোর্ডের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বোর্ডের পৃষ্ঠপোষক, সভাপতি, সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হুসাইন ওয়াদুদী। দুপুর ১টায় মাদরাসা কাসেমুল উলুম, কোদালা, রাঙ্গুনিয়ার মুহতামিম আল্লামা মুফতি আব্দুল কাদেরের মোনাজাতের মাধ্যমে বৈঠকটি শেষ হয়।

বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও শায়খুল হাদিস, উস্তাযুল উলামা আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া-কে আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশের পৃষ্ঠপোষক (সারপরস্ত) করা হয়েছে।

জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা মুফতি একরাম হুসাইন ওয়াদুদী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

একই প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস আল্লামা আব্দুল জলিল কওকবকে সেক্রেটারি (নাযেমে আ'লা) এবং মুহাদ্দিস আল্লামা আখতার হোসাইন আনোয়ারীকে সহ-সেক্রেটারি করা হয়েছে।

জামিয়া কোরআনিয়া চন্দ্রঘোনা মাদরাসার মুহতামিম আল্লামা নেযামুদ্দীনকে পরীক্ষা নিয়ন্ত্রক (মুদিরে ইমতিহান) এবং জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস আল্লামা জাফর সাদেক ও জামিয়া মাদানিয়া শোলকবহর, চট্টগ্রামের মুহাদ্দিস আল্লামা তৈয়বকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (নায়েবে মুদিরে ইমতিহান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকার মাদরাসার মুহতামিম, মুহাদ্দিস ও থানা পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন আল্লামা মুফতি আব্দুল কাদের, আল্লামা নেযামুদ্দীন, আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরী, আল্লামা মাকসুদ আহমদ, আল্লামা হাবিবুল ওয়াহেদ, মাওলানা আনোয়ার আজহারী, মাওলানা শাহ আব্দুল লতীফ, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা এজাজ আহমদ, মাওলানা আবুল বশর, মাওলানা তাহের আজিজি, মাওলানা রেজাউল করিম, মাওলানা আনোয়ারুল আলম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা নূরুল হাকিম, মাওলানা মুহাম্মদ ছৈয়দ নূর, মাওলানা আহসন উল্লাহ, মাওলানা মুহাম্মদ হারুন, মাওলানা হাফেজ এনাম উল্লাহ ও মাওলানা নূর মোহাম্মদসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

এ ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে প্রত্যেক থানা পর্যায়ের দুই থেকে তিনজন প্রতিনিধি এবং বেশ কয়েকজন বিশিষ্ট আলেম বৈঠকে অংশ নেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের মধ্য দিয়ে আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ