কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে রাজধানীর জামিয়া দারুল উলুম জহিরুল ইসলাম আফতাবনগর মাদরাসা। আজ বুধবার (১৮ মার্চ) প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন স্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামিয়া জহিরুল ইসলাম থেকে এবারের কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৫ জন মুমতাজ (স্টার মার্ক) এবং ১৮ জন জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) অর্জন করে উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া ৭ জন জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ও ৬ জন মকবুল (তৃতীয় বিভাগ) অর্জন করেছেন।
এবারের ফলাফলে সবচেয়ে বেশি নজর কেড়েছে মাদরাসার মেশকাত (ফজিলত) জামাতের শিক্ষার্থীরা। এই জামাত থেকে অংশগ্রহণকারী ১৮ জন ছাত্রের মধ্যে ২ জন মুমতাজ এবং বাকি সকলেই জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, এই জামাতের অধিকাংশ শিক্ষার্থীর গড় নম্বর ছিল ৭৮-এর উপরে।
প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতি মকবুল হুসাইন কাসেমী বলেন, শিক্ষক ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, সঠিক তালীম-তারবিয়াত এবং ছাত্রদের কঠোর মেহনতের ফলেই মেশকাত জামাতসহ সকল স্তরে এমন ভারসাম্যপূর্ণ ও উজ্জ্বল ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। এই সাফল্যে শুকরিয়া আদায় করে মাদরাসা কর্তৃপক্ষ মহান আল্লাহর নিকট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এদিকে, আজ বুধবার (১৮ মার্চ) বেফাক মিলনায়তনে দুপুর ১১টায় বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বোর্ডের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, গড় পাসের হার ৮০:৯৫%। মুমতায (স্টার মার্ক) ৫৩,৫০০ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,৭৪৭ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৫,৬৭৩ জন। মাকবুল (৩য় বিভাগ) ১,১১,৬৭১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৮৬,৫৯১ জন।
পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইট (www.wifaqresult.com)-এ পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ হতে ২৪ জানুয়ারি ২০২৬ ঈসাব্দ পর্যন্ত সারা দেশের ৫৯৮টি দরসিয়াত ছাত্র ও ১৩৩৮টি দরসিয়াত ছাত্রী কেন্দ্রে, ৩৯৯টি হিফয ছাত্র ও ৫০টি হিফয ছাত্রী কেন্দ্রে এবং ২২টি ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত (ছাত্র-ছাত্রী) কেন্দ্রে মোট ৭টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ৩,৫৪,০৩৬ জন।
এতে দরসিয়াত ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৩,৫৮৪ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,০৯,২৪২ জন, তাহফিজুল কুরআন ছাত্র অংশগ্রহণকারী পরীক্ষার্থী ৩৭,৬৮৫ জন, ছাত্রী অংশগ্রহণকারী পরীক্ষার্থী ২,৪৭৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত অংশগ্রহণকারী পরীক্ষার্থী ১,০৫১ জন।
আইএইচ/