দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন করে বেশ কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, শিক্ষার মান উন্নয়ন এবং বাল্যবিবাহ প্রতিরোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১৪ জুন) সকালে ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শিক্ষা খাতে সরকারের বিনিয়োগ অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। এই বিনিয়োগের সুফল শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখতে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ, মিড-ডে মিল চালু এবং শিক্ষাবান্ধব অন্যান্য উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এসব পদক্ষেপ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়মুখী করতে সহায়ক হবে বলে আশা করছে সরকার।
তবে তিনি স্বীকার করেন, শিক্ষা খাতের সামগ্রিক অগ্রগতি এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ কারণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে কাজ করা হবে। পাশাপাশি দেশের কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজও প্রাথমিক শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলায় সন্তানদের কিন্ডারগার্টেনমুখী করছেন। এই প্রবণতা পরিবর্তনে সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য সরকার যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে, তার বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারিত ১৮০ দিনের মধ্যেই শুরু করা হবে।
জেডএম/
