রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৫ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭


‘নেতাকর্মীদের গ্রেফতার যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার শান্তিপূর্ণ কর্মী সম্মেলনে অন্যায়ভাবে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে এবং ফ্যাসিবাদী শাসন অব্যাহত রাখতে বিরোধী দল তথা বিএনপি’র বিরুদ্ধে দমন-নিপীড়ণের স্টিমরোলার চালাচ্ছে। বিএনপি’র সাংগঠনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের কাছে গণতন্ত্র, মানুষের মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের কোন মূল্য নেই। চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য হু হু করে বাড়ছে, অথচ সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই, কিন্তু বিরোধী দলের কর্মসূচির ওপর হামলা ও নেতাকর্মীদেরকে গ্রেফতার করতে সরকার যেন সদা তৎপর।

‘এরই ধারাবাহিকতায় গতকাল ঢাকা মহানগর উত্তরের খিলক্ষেত থানার ১৭নং ওয়ার্ডের শান্তিপূর্ণ কর্মী সম্মেলন ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠান থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য মাহফুজুর রহমান, আলাউদ্দিন সরকার টিপু, খিলক্ষেত থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন, সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত, থানা বিএনপি নেতা নাসির উদ্দিন, মনির হোসেন, মাহফুজ বাবু, লিটন ও রাসেলসহ ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।’

তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপি নেতাকর্মীদেরকে এই ধরণের গ্রেপ্তারের হিড়িকে দেশে সম্পূর্ণভাবে নাৎসীরাজ কায়েম হয়েছে। সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী কর্তৃক নেতাকর্মীদেরকে গ্রেফতার অপকর্মটি যেন সরকারের চিরস্থায়ী কর্মসূচিতে পরিণত হয়েছে। বর্তমান সরকারের এধরণের অপকর্ম রোধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হতে হবে। নইলে দেশ ও মানুষের ভবিষ্যৎ চরম সংকটে নিপতিত হবে।

নেতাকর্মীদেরকে গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তির জোর দাবি করছি- বলেন ফখরুল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ