আওয়ার ইসলাম ডেস্ক: মুক্তিযোদ্ধারা সব সরকারি ও বিশেষায়িত হাসপাতালে বিনামূল্য চিকিৎসা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (২১ আগস্ট) ঢাকা রিপোটার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি জানান, এই মাসের মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো একজন মুক্তিযোদ্ধার জন্য কমপক্ষে ৭৫ হাজার টাকা খরচ করতে পারবে। সব হাসপাতালের মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য অর্থ বরাদ্দ থাকবে। ওষুধ ও সব ধরনের টেস্ট বিনা মূল্যে করা হবে।
মন্ত্রী মোজাম্মেল হক বলেন, অতি অল্প সময়ের মধ্যে আট ধরনের বারকোড দিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য পরিচয়পত্র করা হবে। মুক্তিযোদ্ধাদের সনদ দেয়া হবে। বিদেশ থেকে তৈরি করে আনা হবে। ইতোমধ্যে টেন্ডার দেয়া হয়েছে।
উপজেলাভিত্তিক মুক্তিযোদ্ধাদের তালিকা ওয়েবসাইটে দেয়া আছে জানিয়ে কোনো ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকায় থাকলে আগামী তিন মাসের মধ্যে অভিযোগ জানানোর আহবান জানান মুক্তিযোদ্ধাদের। মন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, ৩০ হাজার বীর নিবাস করা হবে। প্রত্যেক বিভাগে মুক্তিযুদ্ধ জাদুঘর হবে। প্রত্যেক উপজেলা কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের জন্য আলাদা শহীদ মিনার হবে।
তিনি আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমাধি একই ডিজাইনের করার উদ্যোগ নেয়া হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে আন্তজার্তিক মানের করা হচ্ছে। মুজিবনগরসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সব ঐতিহাসিক স্থান সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।
-এএ