রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮


কওমি স্বীকৃতি তো পেলাম; কিছু যেন না হারালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী আবদুল মুনতাকিম
প্রকৌশলী ও কুরআন গবেষক

কওমি স্বীকৃতি তথা দাওরায়ে হাদিসকে মাস্টার্স মর্যাদা দেয়ার জন্য বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ। অনেক আলেম, শিক্ষক, ছাত্রদের মত আমারও এটা ভাবতে খুবই ভাল লাগছে যে কওমি মাদরাসার আমাদের সন্তানেরা বিনা বাধায় স্বীকৃত সনদ নিয়েই এখন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বস্বাশিত প্রতিষ্ঠানেে চাকরি করবে তথা গ্যাজেটেড অফিসার, কৃষি অফিসার, ব্যাংক অফিসার, আর্মি, পুলিশ, নানাহ দপ্তরের মাঠ কর্মচারি-কর্মকর্তা হতে পারবে।

কোন অভিভাবক তার সন্তানকে আর কওমিতে ভর্তি করানোর আগে ১০ বার চিন্তা করার প্রয়োজন নেই।

কিন্তু যোগ্যতা অর্জন ছাড়া এ স্বপ্ন বাস্তবায়ন যে অনেক কঠিন তা চিন্তা করতেই আমার প্রিয় সম্মানিত পাঠকদের জন্য আজকের লেখা। লেখাটি খানিকটা দীর্ঘ হলেও আশা করি চিন্তার খোরাক পাবেন ইনশাল্লাহ।

মাদরাসার ছাত্র-শিক্ষকদের/আলেমদের সাথে আমার ভালোবাসা/মহব্বতের বা তাদের খেদমতে নিজেকে উজার করার পেছনে আমার বাবা মরহুম হযরত মাওলানা কেরামত আলীর উৎসাহ তো অবশ্যই রয়েছে।

তিনি কুমিল্লাস্থ নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হেড মাওলানা, শিকারপুর জামে মসজিদের দীর্ঘ ৪০ বছরের খতিব ও বিশিষ্ট মোফাস্সিরে কোরান ছিলেন। ছোট বেলা থেকেই আমার বাবা আলেমদের ভালোবাসতে শিখিয়েছেন।

তাই আলেম, ওলামা বা মাদরাসার কোনো ইস্যুতে এই অযোগ্য আমি আমার চিন্তা প্রকাশ করার চেষ্টা করি, আমার মালিক যদি এর উসিলায় আমাকে ক্ষমা করেন। চলুন মূল আলোচনায়।প্রথমেই আদ্যোপান্ত দেখা যাক।

কওমি মাদরাসাগুলো বর্তমানে সংসদীয় আইনে স্বীকৃতিপ্রাপ্ত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান। এ ধারার শিক্ষাপ্রতিষ্ঠান সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ১৮৬৬ খ্রিস্টাব্দে ভারতের বিখ্যাত প্রদেশ (যে প্রদেশ আগ্রার তাজমহল, সম্রাট শাহজাহানের বাড়ি, বহমান যমুনার জন্য বিখ্যাত) উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ‘আল জামেয়াতুল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ’ নামে।

মাওলানা আবুল কাসেম নানুতবি তার শ্বশুরবাড়ির নিকটস্থ দেওয়ান মহল্লার মসজিদের সাথে প্রথম যে মাদরাসা প্রতিষ্ঠা করেন তাই পরবর্তীতে কওমি মাদরাসা দেওবন্দ নামে শুরু হয়।

কওমি মাদরাসার-কওম অর্থ জাতি, আর কওমি অর্থ জাতীয়। মাদরাসা শব্দের অর্থ বিদ্যালয়। সুতরাং কওমি মাদরাসা অর্থ জাতীয় বিদ্যালয়/জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান, এখন যেখানে ইফতা বিভাগ আছে সেটিকে বিশ্ববিদ্যালয়-কলেজ মানের এভাবে বলা যায় কিনা ভেবে দেখা যেতে পারে।