চৌধুরী মনজুর লিয়াকত
কবি ও কলামিস্ট
আগামীকাল থেকে রোজা। বিশ্বমানবতার জন্য করুণা, মার্জনা, ক্ষমা আর মুক্তির বার্তা নিয়ে আবার আসছে রমজান, সেই আলোকিত রোজার মাস। 'আহলান ওয়া সাহলান' - 'স্বাগত মাহে রমজান'।
এইতো আজ রোজার আগের দিন, আজ থেকে তারাবিহ নামাজে কোরআন শ্রবণ আর অনুধাবনের চেষ্টায় মেতে উঠবে মানুষ। তারপর মাঝরাতে সেহরিতে আলস্য জলাঞ্জলি দিয়ে ঘুম থেকে উঠে পরবে সম্ভাব্য রোজাদার। হয়তো তাহাজ্জুদের আনন্দ উপভোগ করার জন্য একটু আগেই ঘুমহীনতার আনন্দ ঘিরে বসবে আমাদের।
নবীজি হযরত মুহাম্মদ সা. বলেছেন সেহরি খাওয়াতে নিহিত রয়েছে বরকত। এসময়ে খাদ্য গ্রহণ আমাদের শারীরিক শক্তি সামর্থ্যকে সমুন্নত রাখতে সর্বাত্মক সাহায্য করে।
এরপর সারাদিন রোজার শেষে ইফতারের সময় খাদ্যের সামনে বসে অপেক্ষারত অবস্থায় দোয়া চাইবো মন মেলে। অনুধাবন করবেন নিশ্চয় সকলে 'আল্লাহতায়ালা না চাইলে আমরা খাদ্য গ্রহণের ক্ষমতা রাখিনা একেবারে। রিজিক যে তাঁর থেকেই আসে'।
ইফতারের মাগরিব আজানের মধুর ধ্বনি ভেসে আসার এ সময়টি দোয়া কবুলের। চাইবো সর্বশক্তিমানের কাছে ক্ষমার পাশাপাশি আর যা আছে চাওয়ার। এ মাসেই তারাবিহ, কিয়ামুল লাইল, শেষ দশ দিনের ইতিকাফ (আল্লাহর প্রেমে আঁকড়ে ধরা বা আবদ্ধ থাকার একাকী হবার সুন্নতে মুয়াক্কাদা কিফায়া)।
আর এ মাসের প্রতিটি ক্ষণে পবিত্র কোরআনে মশগুল হয়ে অন্তরের কুঠুরিতে কোরআনের শিক্ষাকে গ্রথিত করার সময় বের করা।
যাকাতের মাধ্যমে এ শিক্ষা নেয়া যে অতিরিক্ত সম্পদ অসহায় আর রিক্তের বেদনা প্রশমনে দিতে হবেই আমাদের। এ যে যাদের প্রাপ্য সেই দরিদ্রের অধিকার। আদায় করতে হবে সদকাতুল ফিতরা ঈদকে উপলক্ষ করেই।
দুটি ওয়াজিবের একটি এটি, অন্যটি ঈদের নামায আদায়। এই সদকার মাধ্যমে ঈদের দিনটি অন্তত সুবিধা বঞ্চিত মানুষেরা একটু ঈদ আনন্দ করুক, একটু ভালো থাকুক। এ ভাবনাকে জাগিয়ে তোলার শিক্ষা এটি। এ যে আদেশ সেই মহামহিমের কাছ থেকে আসা। দান, খয়রাত, সাদাকাত তথা গরিবের কষ্ট অনুধাবন, সেবা এবং সমাজের কল্যাণ রমজানেরই যে অন্যতম মুখ্য উদ্দেশ্য।
আর 'সদকার' দান, এতো যে কোনো সময়েই উৎসাহিত করা হয়েছে ইসলামে। মানবিকতার উৎকর্ষ সাধনে বস্তুপ্রেমের উর্ধ্বে উঠে আত্নিক উৎকর্ষ এভাবেই যে সাধন সম্ভব। এ মাসে বেশি করে ইস্তিগফার অর্থাৎ ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়া যায়। যা আমরা কাজে লাগাবো পুরোপুরি, পবিত্র কোরআন অনুধাবন ও নিজ নিজ জীবনে প্রয়োগে গুরুত্ব দেয়ার মাধ্যমে।
হিজরি সনের নবম মাস হচ্ছে 'রমজান'। রমজান এসেছে 'রমজ' শব্দ থেকে। যার অর্থ হচ্ছে জালিয়ে-পুড়িয়ে কোনো কিছুকে ভস্ম করে দেয়া। সত্যিকার অর্থে অন্যায়, অসুন্দর আর ধংসের বিরুদ্ধতায় নষ্ট-ভ্রষ্ট সবকিছুকে ছাই করে ফেলা।
