বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


যুক্তরাষ্ট্রের ল্যাটিন নারীদের মধ্যে ইসলাম গ্রহণের প্রবণতা বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ল্যাটিনদের মাঝে ইসলাম ধর্ম গ্রহণের প্রবণতা বেড়েছে। বিশেষকরে ল্যটিন নারীরা ব্যাপক সংখ্যায় ইসলামের ছায়া তলে আসছেন।

দেশটিতে বসবাসরত ল্যাটিন-আমেরিকান নারীদের জন্য ক্যাথলিক ধর্ম থেকে ইসলামে ধর্মান্তর খুব সহজ না হওয়া সত্ত্বেও বলা চলে তারাই হচ্ছে সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান জাতিগত গোষ্ঠী, যারা ইসলামের ছায়ায় আসছেন।

কেউ কেউ বলছেন, এসব নারীরা আরব হবার জন্য তাদের ঐতিহ্যকে ত্যাগ করছে। তবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদের অনেকের জন্য এটি অত্যন্ত কঠিন রাজনৈতিক সময়।

লুসি সিলভা একজন মুসলিম। তিনি ১৮ বছর আগে ক্যাথলিক ধর্ম থেকে ইসলামে ধর্মান্তরিত হন।

তিনি বলেন, ‘কিছু মানুষ আছে যারা হঠাৎ করেই মুসলমান হন এবং হিজাব পরা শুরু করেন। কিন্তু আমি মুসলমান  হওয়ার আগে অনেক সময় নিয়ে বিস্তর গবেষণা করার পরই ইসলাম গ্রহণ করি।’

তিনি ছিলেন একবার মেক্সিকান ও ক্যাথলিক এবং বর্তমানে একজন মেক্সিকান ও মুসলিম।

লুসি বলেন, ‘তারা স্বয়ংক্রিয়ভাবে অনুমান করে নেয় যে, আমি আরব কিংবা সেখান থেকে এসেছি। সুতরাং তারা যখন আমাকে স্প্যানিশ ভাষায় কথা বলতে শুনে বিশেষকরে যখন আমি কোন মুদি দোকানে কেনাকাটা করতে অথবা আমি আমার মা বা ছেলের সঙ্গে কথা বলছি তখন তারা বেশ আশ্চর্য হয়ে যায়। তারা বলে, 'আপনি কোথা থেকে স্প্যানিশ ভাষায় কথা বলতে শিখলেন? তখন আমি বলি, ‘ওয়েল, আমি একজন মেক্সিকান।’

মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক কতজন লাতিনো এবং লাতিনা মুসলমান রয়েছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। কারণ তাদের নিয়ে কখনো কোনো সরকারি গবেষণা করা হয়নি। কিন্তু কিছু বিশেষজ্ঞ মনে করছেন তাদের এই সংখ্যা ১৫০,০০০ থেকে ২০০,০০০ পর্যন্ত হতে পারে।

ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক রিপোর্টে বলা হয়েছে, তাদের ৯০ শতাংশই ধর্মান্তরিত মুসলিম এবং এদের অধিকাংশই নারী।

সত্য বলতে, লাতিনো এবং লাতিনা মুসলমানরা হচ্ছেন ইসলামের সবচেয়ে দ্রুত বর্ধমান জাতিগত গ্রুপ।

অরেঞ্জ কাউন্টির ইসলামিক ইন্সটিটিউটের ইমাম মোস্তফা উমর বলেন, ‘তাদের অনেকের মূল্যবোধের ধারা ইতোমধ্যে রক্ষণশীল মূল্যবোধে পরিণত হচ্ছে। যীশুর প্রতি তাদের উচ্চ সম্মান রয়েছে; যাকে আমরা ইসলামে নবী বলে থাকি। যীশুর মা মরিয়মের জন্যও তাদের উচ্চ সম্মান রয়েছে। তাই সেখানে ধর্ম, ঈশ্বরের ধারণা এবং ঈশ্বরের জন্য ভালবাসা- এই ধরনের সংযোগ রয়েছে।’