আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে ৯০০ সম্ভাব্য প্রার্থীর তালিকা করেছে আওয়ামী লীগ।
সরকারের তিনটি গোয়েন্দা সংস্থা, বাছাই করা দলীয় কর্মীদের একটি জরিপ দল, সাত বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকদের রিপোর্ট, পেশাদার দুটি জরিপ সংস্থা ও আমলাদের একটি প্রতিনিধি দলের জরিপ প্রতিবেদনে উঠে আসা চিত্র পর্যালোচনা করে এ তালিকা প্রস্তুত করেছে আওযামী লীগের মনোনয়ন বোর্ড।
এর আগে মনোনয়ন বোর্ডের কাছে সাড়ে ৩ হাজার মনোনয়ন প্রত্যার্শীর একটি তালিকা ছিল। সেখান থেকে কমিয়ে প্রতি আসনে তিনজন করে একটি তালিকা করেছে মনোনয়ন বোর্ড। ঈদের পর অনেক আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে। আর তখনই দলের হাইকমান্ড তাদের সবুজ সঙ্কেত দিয়ে মাঠে নামাবেন।
সূত্র জানায়, প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন মাস পরপর বিভিন্ন জরিপ অব্যাহত রেখেছেন। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। কমপক্ষে ২শ’ আসনে জয় নিশ্চিত করার টার্গেট পূরণ করতে গিয়ে তিনি কোনো প্রকার ঝুঁকি নিতে চান না।
নির্বাচনে জিতে আসার সম্ভাবনা কম এমন কেন্দ্রীয় অনেক নেতাও এবার ছিটকে পড়তে পারেন মনোনয়ন দৌড় থেকে। আবার আসন নিশ্চিত করতে নৌকার প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বিএনপির বেশ কয়েক গুরুত্বপূর্ণ নেতা, আমলা, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা, শিল্পপতি ও প্রবাসী ধনাঢ্য ব্যক্তিকেও।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য জানান, বর্তমান সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২৩৪ জন। তাদের মধ্যে মাত্র ১০৪ জন আছেন যারা নিশ্চিন্তে জিতে আসতে পারবেন। বাকিরা বিভিন্ন কারণে এলাকার ভোটার ও কর্মীদের কাছে বিতর্কিত হয়েছেন।
জানা গেছে, বর্তমান সংবিধান অনুযায়ী অনুষ্ঠেয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এটা ধরে নিয়েই দলীয় মনোনয়ন ছক কষছেন আওয়ামী লীগ সভানেত্রী। আগামী নির্বাচনে শতভাগ নিশ্চিত জিতে আসার মতো প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ওইসব এলাকার বর্তমান এমপির জনবিচ্ছিন্নতা ও আগামী নির্বাচনে কেন পরাজিত হতে পারেà¦