আবদুল্লাহ আল ফারুক : পরদিন ছিলো রোববার। নাশতার পর নিমন্ত্রণকারীদের প্রতিনিধি আবদুর রাজ্জাক সাহেব (প্রোটোকল অফিসার) হোটেলে উপস্থিত হন। আমরা সবকিছুর আগে হযরত ইমাম আবু হানিফা রহ., হযরত আবদুল কাদির যিলানি রহ. সহ অন্যান্য বুযুর্গের মাযারে হাযির হওয়ার ইচ্ছে প্রকাশ করলাম। তিনি খুব সহজেই প্রোগ্রাম তৈরি করলেন। জানালেন, আমাদের যাত্রাপথে সবার আগে পড়বে হযরত শায়খ আবদুল কাদির যিলানি রহ.এর মাযার। সে মোতাবেক বাইরে বেরিয়ে পড়লাম।
এই প্রথম দিনের আলোতে বাগদাদে পথ-ঘাট, দালানকোঠা দেখার সৌভাগ্য হলো। বিংশ শতাব্দীর অন্যতম আধুনিক নগরী বাগদাদ। দৃষ্টিনন্দন বাড়ি-ঘর। পরিস্কার-পরিচ্ছন্ন পথ-ঘাট। শহর জুড়ে রাস্তার মোড়ে মোড়ে ফ্লাইওভার আর পাতাল সড়কগুলো একদিকে যেমন ট্রাফিক সমস্যার খুব সহজেই সমাধান করে দিচ্ছে, অপরদিকে রাস্তার সৌন্দর্য্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
জনশ্রুতি আছে যে, আধুনিক বাগদাদ তৈরির রূপকার বাদশাহ সাদ্দাম এই নগরীকে সভ্যতা ও উন্নতির শীর্ষশিখরে পৌঁছে দিয়েছেন। যেখানে খতিব বাগদাদ তার ইতিহাস গ্রন্থে লিখেছেন যে, যখন বাদশাহ মনসুর এই নগরীর গোড়াপত্তন করেছিলেন, সে সময় এ নগরীর দৈর্ঘ যেমন ছিলো দুই মাইল, প্রস্থও ছিলো দুই মাইল। এই বাগদাদ নগরী পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গোলাকার ব্যাসার্ধে তৈরি জনপদ। আর আজকের বাগদাদের একেকটি মহল্লার আয়তনই কয়েক মাইল ছাড়িয়ে গেছে।
আমরা নতুন বাগদাদের একটির পর একটি এলাকা অতিক্রম করে সবশেষে পুরাতন অংশে প্রবেশ করলাম। বিভিন্ন অলিগলি থেকে প্রাচীন যুগের সৌরভ পাচ্ছিলাম। খানিকবাদেই আমাদের গাড়িটি একটি আধপাকা সড়কের পাশে এসে থেমে গেলো। সেখান থেকেই আমাদের চোখ পড়লো একটি আলিশান মসজিদের দেয়ালে। আমরা আমাদের সামনের গলির ভেতর ঢুকে পড়লাম। মসজিদের ফটকে এসে গলি মিশে গেছে। ফটকটি প্রাচীন রাজকীয় স্থাপত্য শিল্পের অনন্য কারুকার্য খচিত ছিলো। এটাই হযরত শায়খ আবদুল কাদির যিলানি রহ.এর মসজিদ ও তৎসংলগ্ন মাদরাসা। এখানে হযরত বড় পীর রহ. শায়িত আছেন।
মসজিদটি হযরত শায়খ রহ.এর যুগে প্রতিষ্ঠিত হয়েছিলো। তার পশ্চিম দিকের দেয়ালের পেছনে হযরত রহ.এর মাযার অবস্থিত। আজ এখানে উপস্থিত হতে পেরে নিজেকে বেশ ধন্য মনে হচ্ছিলো।
হযরত বড় পীর রহ. মূলত উত্তর ইরানের পশ্চিমাঞ্চলী প্রদেশ যিà