বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলোচিত বই নিয়ে নিজেদের অবস্থান জানাল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ নামে একটি বইকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বইটির সঙ্গে সাংগঠনিকভাবে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এমনকি বইটির সঙ্গে দলটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ বা অন্য কোনো নেতার ব্যক্তিগত সম্পৃক্ততাও নেই।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ৪১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানান দলের সহকারী মহাসচিব ও প্রচার বিভাগীয় প্রধান শেখ ফজলুল করীম মারুফ।

পোস্টে তিনি জানান, অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, শাকের হোসাইন শিবলী ‘ফেতনায়ে মামুনিয়া ও মাওলানা আব্দুল হক আজাদের গর্জন’ নামে একটি বই লিখেছেন। বইটির শিরোনামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদের নাম থাকলেও এর সঙ্গে দলের কোনো ধরনের সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, বইটি লেখকের নিজস্ব চিন্তা ও উদ্যোগে লেখা হয়েছে। বইটির সম্পাদক মাওলানা শাকের হোসাইন শিবলীর সঙ্গে কথা বলেও তিনি বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, লেখকও কোনোভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত নন।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য এবং তা নিয়ে যুক্তি-তর্ক অব্যাহত থাকলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের নীতিতে বিশ্বাস করে।

বইটিকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা দলটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে সমালোচনার লক্ষ্যবস্তু না বানানোর অনুরোধও জানিয়েছেন শেখ ফজলুল করীম মারুফ।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ