জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মাঠে ছিল দাবি করে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি আমরা আর ক্ষমতায় যাবেন আপনারা, এটি বাংলার মানুষ সহ্য করবে না।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী শহীদ মিনারের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, খালেদা জিয়াকে আপনারা আপসহীন নেত্রী বলেন। অথচ তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি একা একাই নির্বাচন দিয়েছিলেন, যা টেকেনি। সেই ক্ষমতা ছিল মাত্র ১৬ দিন। আবার ৯৬-তে আমরা যখন মানস কন্যাকে নিয়ে আসছিলাম, তখন তিনি লাঠি-বৈঠার মিছিল করেছেন, ওলামায়ে কেরামকে জেলে ঢুকিয়েছেন। ভেবেছেন ফেরাউনের ক্ষমতা পেয়েছেন। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এসে খাম্বাকেস ঘটিয়েছে।