একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণঅভ্যুত্থানকে ঘিরে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তিনি বলেন, যারা এই সংগ্রামে জীবন দিয়েছেন, তাদের জন্য সত্যিকারের সম্মান প্রদর্শন করতে হলে একটি এমন বাংলাদেশ গঠন করতে হবে যেখানে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি আর ঘটতে না পারে, এবং হাসিনার মতো শাসকের হাত থেকে জনগণ মুক্তি পাবে।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এবি পার্টির ৩৬ দিনব্যাপী জুলাই উদযাপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, "যে গণঅভ্যুত্থানে হাজারো শহীদ হয়েছে, তাদের স্মৃতি মুছে ফেলা যাবে না। আমাদের কাজ হবে এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে ফ্যাসিবাদী শক্তি আর জনগণের ওপর চাপিয়ে পড়তে না পারে।"