।। বিশেষ প্রতিনিধি।।
গতকাল শনিবার (২৮ জুন) রাজধানীতে মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ব্যাপক প্রস্তুতির পর দলটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশের আয়োজন করে। নির্বাচনি আবহের মধ্যে নিজেদের শক্তির জানান দিতে আয়োজিত এই মহাসমাবেশে ১০ লাখের বেশি লোকের উপস্থিতির টার্গেট নিয়েছিল ইসলামী আন্দোলন। গতকাল রাজধানীতে যেভাবে দলটির নেতাকর্মীদের ঢল নেমেছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে জনসমাগম হয়েছিল তাতে অনেকের ধারণা টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছে দলটি।
ড্রোন ক্যামেরা দিয়ে তোলা সোহরাওয়ার্দী উদ্যানের লাখ লাখ মানুষের ছবিগুলো গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর আগেও এই ময়দানে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন, তবে গতকালের উপস্থিতি ছিল যেকোনো সময়ের চেয়ে বেশি। এজন্য ভিন্ন ঘরানা ও মতাদর্শের অনেকে পর্যন্ত ইসলামী আন্দোলনের মহাসমাবেশের জনসমাগমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পিআর পদ্ধতিতে নির্বাচনসহ তিন দফা দাবিতে আয়োজিত এই মহাসমাবেশ সফল বলেই মনে করছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।