আওয়ামী লীগের বিচার ও সংস্কার বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাজের গতিতে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সরকারকে দলটি সহযোগিতা করবে বলে জানিয়েছে।
শনিবার (২৪ মে) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
সরকারের কাজে সন্তুষ্ট কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের বিচার এবং সংস্কার বিষয়ে যে গতিতে কার্যক্রম চলছে, আমরা (এনসিপি) তাতে সন্তুষ্ট নই। সেই সমালোচনা সরকারের প্রতি আমাদের রয়েছে। একইসঙ্গে সেই সহযোগিতাও রয়েছে। আমরা আমাদের দাবিগুলো নিয়ে রাজপথে থাকছি, সরকারকে চাপ প্রয়োগও করছি৷ কিন্তু এটা অবশ্যই দেশ ও জনগণের স্বার্থে। সরকারকে কোনো ধরনের বাধাগ্রস্ত তো আমরা করছি না। আমরা চাই, কোনো পক্ষই সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়াক৷ সরকারের সমালোচনা ও সহযোগিতা করুক এবং সরকারও তার কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতিধারা।