মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


আল-আযহারের আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিচ্ছেন চবির দুই অধ্যাপক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মিশরের প্রখ্যাত ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিশেষ গবেষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের দুই অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ও ড. মুফতি হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে তাঁরা মিশরে পৌঁছেছেন। মিশর সরকারের সম্পূর্ণ অর্থায়নে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আল-আযহার বিশ্ববিদ্যালয়ের অধীন আল-আযহার ইন্টারন্যাশনাল একাডেমিতে দুই মাসব্যাপী এ শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা সমসাময়িক দাওয়াহ কার্যক্রম, ইসলামি জ্ঞানচর্চা এবং বর্তমান বিশ্বের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

আল-আযহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত এ ধরনের উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি অংশগ্রহণকারীদের একাডেমিক জ্ঞান, গবেষণার দক্ষতা ও দাওয়াহ-সংক্রান্ত অভিজ্ঞতা সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ দুই অধ্যাপকের আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণকে দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে উচ্চশিক্ষা, গবেষণা, ইসলামি শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমের উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, এ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ের দায়িত্বে রয়েছে ঢাকার উত্তরায় অবস্থিত দারুল আরকাম আল-ইসলামিয়া।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ