বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


‘একজন আলেমকে হারাইনি, হারিয়েছি সাহসী পথপ্রদর্শক ও অভিভাবককে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার শীর্ষ আলেম মাওলানা নুরুল হকের ইন্তেকালে শুধু একজন আলেমকেই হারাননি, বরং একজন সাহসী পথপ্রদর্শক ও অভিভাবককে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে মুফতি সাখাওয়াত হোসাইন রাজী লেখেন, ‘আলেমের মৃত্যু মানে দুনিয়ার মৃত্যু।’ আল্লামা নুরুল হকের জানাজায় লাখো শোকাতুর মানুষের উপস্থিতি ও অশ্রুসিক্ত বিদায় যেন এ কথার বাস্তব প্রমাণ।

তিনি বলেন, বটগ্রামের মাওলানা নুরুল হক ছিলেন হক কথা বলতে নির্ভীক এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী ও স্পষ্টভাষী আলেম। তাঁর ইন্তেকালে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। এমন সত্যনিষ্ঠ কণ্ঠের বিদায় উম্মাহর জন্য অপূরণীয় ক্ষতি।

মুফতি সাখাওয়াত হোসাইন রাজী আরও বলেন, প্রতিটি মাহফিলে আল্লামা নুরুল হকের বলিষ্ঠ, শাসনমূলক ও আপসহীন বক্তব্য প্রমাণ করত, তিনি শুধু আলেমসমাজেরই নন, সাধারণ মানুষেরও অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ছিলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে পোস্টে বলা হয়, মানুষের ঈমান-আমল রক্ষা এবং বিদআত, কুসংস্কার ও শিরক থেকে সমাজকে মুক্ত রাখার প্রশ্নে তাঁর অবস্থান ছিল সুদৃঢ় ও আপসহীন।

দেশের শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম আল্লামা নুরুল হক কুমিল্লার আলেমসমাজের অভিভাবকতুল্য ব্যক্তিত্ব ছিলেন বলেও উল্লেখ করেন মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।

পোস্টের শেষাংশে তিনি আল্লাহ তাআলার কাছে আল্লামা নুরুল হকের জন্য জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম কামনা করেন। একই সঙ্গে তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করা এবং সবাইকে বর্তমান সময়ের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করার দোয়া করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ