মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮


ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের মসজিদগুলোর বিদ্যুৎ ব্যবহারের নীতিমালা প্রণয়ন, মসজিদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ এবং সরকারি খরচে হজে যাওয়া ব্যক্তিদের জন্য নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে কমিটির সদস্যদের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়। এর মধ্যে হজ ব্যবস্থাপনা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম তুলে ধরা হয়।

এ ছাড়া মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ১৮০ দিনের কর্মপরিকল্পনার বাস্তবায়ন অগ্রগতি, জনবল ও বাজেট পরিস্থিতি, ভিশন-মিশন, কার্যাবলি, উল্লেখযোগ্য অর্জন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কমিটিকে অবহিত করা হয়।

উপস্থাপিত বিষয়গুলোর ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের মসজিদগুলোতে বিদ্যুৎ ব্যবহারের জন্য একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করেন। পাশাপাশি মসজিদগুলোর ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।

সরকারি অর্থে যেসব ব্যক্তি হজে যান, তাদের জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের সুপারিশও করা হয়। একই সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের অধীন একই হাসপাতাল ও মিশনে দীর্ঘদিন ধরে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত বদলির সুপারিশ করা হয়েছে। মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।

বৈঠকে কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, মো. জাহিদুর রহমান এমপি, নুরুল আমিন এমপি, সুবর্ণা সিকদার এমপি, মো. নুরুল আমীন এমপি, মোহাম্মদ আবুল হাসান এমপি এবং মুহাম্মাদ আব্দুল খালেক এমপি অংশ নেন।

এ সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা, ট্রাস্ট ও ফাউন্ডেশনের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ