মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮


ইজতেমার সময় গাজীপুরে নির্বাচন না রাখার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

টঙ্গী বিশ্ব ইজতেমা-২০২৭-এর নির্ধারিত তারিখ বিবেচনায় নিয়ে গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানিয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে একটি আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।

বলিগ জামাত বাংলাদেশের আহলে শুরা সদস্য ও কাকরাইল তাবলিগ মারকাজ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুবায়ের স্বাক্ষরিত আবেদনটি সিইসির কাছে জমা দেওয়া হয়।

আবেদনপত্রে বলা হয়, বিশ্ব ইজতেমা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশ নেন। আগামী ২০২৭ সালের ৮ থেকে ১০ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং ১৫ থেকে ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চিঠিতে বলা হয়, বিশ্ব ইজতেমার দুই পর্বে টঙ্গী ও আশপাশের এলাকায় বিপুল জনসমাগম হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রস্তুতি প্রয়োজন হয়। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।

এ কারণে ইজতেমার ভাবগাম্ভীর্য, বিপুল জনসমাগম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা বিবেচনায় গাজীপুর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনপত্রে আরও বলা হয়, ইজতেমা ও স্থানীয় সরকার নির্বাচন—দুই আয়োজনের মধ্যে সময়ের ব্যবধান রাখা হলে উভয় কার্যক্রমই সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এতে প্রশাসনিক জটিলতা কমার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও এড়ানো যাবে।

চিঠিতে বিশ্ব ইজতেমার মতো আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন সফল করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতামূলক ভূমিকার প্রত্যাশা করা হয়। পাশাপাশি বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ