শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


হজের টাকা জমা: আজ ও আগামীকাল ব্যাংক খোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে। হজের প্রাক্-নিবন্ধন ও মূল নিবন্ধনের টাকা জমা নেওয়ার কার্যক্রম নির্বিঘ্ন করতে এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) হজের টাকা জমা গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। ছুটির দিন হলেও এসব শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত লেনদেনের সময়সীমা শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে তার টাকা গ্রহণ না করা পর্যন্ত সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ ব্যবস্থা নিয়েছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রাক্-নিবন্ধন ও মূল নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতেই ছুটির দিনে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত ক্যাশ কাউন্টার চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ