সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮


দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশে চিকিৎসার জন্য বিদেশমুখিতা কমাতে দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের নিয়মিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন জাতীয় সংসদের মহিলা আসন-৪৮-এর সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি রাজধানীর মহাখালীতে অবস্থিত ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রম চালু এবং হাসপাতালটিকে ১ হাজার শয্যায় উন্নীত করতে ভবন-২ নির্মাণের দাবি জানান।

মাহবুবা হাকিম বলেন, ২০২৫-২৬ অর্থবছরের লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় পাঁচ ধরনের যন্ত্রপাতি ইতোমধ্যে ইনস্টিটিউটে এসে পৌঁছেছে। আরও ১০ ধরনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী মাসে আসার কথা রয়েছে। যন্ত্রপাতি স্থাপনসহ পুরো কার্যক্রম প্রস্তুত করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

এ অবস্থায় লিভার ট্রান্সপ্লান্ট কার্যক্রমের জন্য গঠিত প্রায় ৪৫ সদস্যের টিমকে প্রয়োজনীয় বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, বাংলাদেশে ২০১০ ও ২০১৯ সালে সফলভাবে লিভার ট্রান্সপ্লান্ট করা হলেও পরবর্তী সময়ে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জটিল লিভার রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে।

তিনি বলেন, ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর লিভার সিরোসিসে আক্রান্ত হলে তাঁর মেডিকেল বোর্ড জানিয়েছিল, দেশে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি জানান, একজন সাধারণ রোগীর বিদেশে লিভার ট্রান্সপ্লান্ট করাতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে।

বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির পক্ষ থেকে বক্তব্য দিতে গিয়ে মাহবুবা হাকিম স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, দেশের একমাত্র বিশেষায়িত ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে দ্রুত লিভার ট্রান্সপ্লান্টের নিয়মিত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করা প্রয়োজন।

একই সঙ্গে হাসপাতালের সম্প্রসারণে ২০২৪ সালে বরাদ্দ দেওয়া প্রায় সাড়ে তিন একর জমি কাজে লাগিয়ে ভবন-২ নির্মাণের কার্যক্রম দ্রুত শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই সংসদ সদস্য।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ