বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকার সবচেয়ে বেশি নজরদারি রাখবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশার চন্দ্র সোনার তাল হাওর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পটি পানি মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। বাঁধ নির্মাণ যাতে সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকার সবচেয়ে বেশি নজরদারি রাখবে।
মন্ত্রী আরও বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি-অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার চেষ্টা করছি। সেইসঙ্গে খাল খনন, নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, এই কাজগুলো করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সুতরাং এই প্রকল্পগুলোতে কেউ যাতে দুর্নীতি করতে না পারে সেই জন্য সরকার সর্তক অবস্থানে রয়েছে এবং আমরা পাহাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে এই কাজগুলো বাস্তবায়ন করব।
পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে এসেছি। তিনি সার্বক্ষণিক এই অঞ্চলের মানুষদের ও কৃষকদের খোঁজ খবর রাখছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ আসেনর সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মামুন হাওলাদার প্রমুখ।
আইএইচ/