বিশেষ প্রতিনিধি
বিএনপি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের হাতে আনুষ্ঠানিকভাবে দল বদলের ঘোষণা দেওয়ার পর থেকে এটি দেশের রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বিএনপির মতো একটি বড় দল, যাদের আগামীতে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সেখানে তার দল ছেড়ে আসা নিয়ে অনেকের মনে কৌতূহল দেখা দিয়েছে।
দল ছাড়ার কারণ ব্যাখ্যা করে মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আমি বিএনপিতে নিষ্ক্রিয় ছিলাম। বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনীতি করছে। জীবনের শেষ বয়সে এসে মানুষের জন্য কিছু করে যেতে পারি এজন্যই আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি।