পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান— এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে, ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কী ধরনের সমস্যা ফেইস করছেন, সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।