শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

নাজাতের প্রহরে কিছু অনুভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| মুহাম্মাদ শামসুদ্দোহা কাসেমী ||

রমজানের গাড়ি দেখতে দেখতে যেন চব্বিশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করল। প্রতিদিন সে কিছু না কিছু বিতরণ করে চলেছে। প্রথমে বিতরণ করেছে রহমত। তারপর দিয়েছে মাগফিরাত। আর এখন দিচ্ছে নাজাতের পরোয়ানা—মুক্তির সনদ। সেই সাথে দিয়ে চলেছে লাইলাতুল কদরের অপার বরকত।

সে যেন বিশ্ববাসীকে বলে চলেছে— ‘আর মাত্র কয়েক দিন আমি তোমাদের এই গ্রহে অবস্থান করব। তারপর জান্নাতে ফিরে যাব। যারা জান্নাতে যেতে চাও, তারা খুব তাড়াতাড়ি আমার কাছ থেকে মুক্তির সনদ সংগ্রহ করে নাও। কুরআন মাজীদকে আঁকড়ে ধরো। এর দিকনির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করো। রাতের নীরবতায় অশ্রু বিসর্জন দাও, যাতে অতীতের গুনাহ ধুয়ে যায়। আর খেয়াল রাখবে—ভবিষ্যতে যেন আর কোন গুনাহ না হয়।’

‘সেজন্য সর্বদা যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো তাকওয়া—এই অনুভূতি যে মহান আল্লাহ তা'আলা তোমাকে সবসময় দেখছেন। একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে। জীবনের পাই-পাই হিসাব দিতে হবে। হিসাব মিলে গেলে তিনি পুরস্কার দেবেন—জান্নাতে প্রবেশের মাধ্যমে। আর হিসাবে গড়বড় হলে তিনি তিরস্কার দেবেন—জাহান্নামে প্রবেশের মাধ্যমে।’

‘সেই সাথে মনে রাখবে আত্মসংযমের কথা—যাকে বলে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা। জীবনগাড়িকে কখনো বল্গাহীনভাবে ছেড়ে দেবে না। সর্বদা খেয়াল রাখবে এর নিয়ন্ত্রণ ক্ষমতা যেন শয়তান ও নফসের হাতে কোনভাবে চলে না যায়। যদি তা হয়ে যায়, তাহলে তোমার জীবনগাড়ি সিরাতে মুস্তাকীম থেকে সরে বিপথগামী হয়ে পড়বে এবং লক্ষ্যহারা হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে।’

‘আর ধৈর্যকে তোমাদের সঙ্গী বানিয়ে নেবে। তাহলেই দেখবে জীবনগাড়ি কত নিরাপদে গন্তব্যস্থল—জান্নাতে পৌঁছে যায়।’

‘পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের প্রতিও খেয়াল রাখবে। তাদের সুখ-দুঃখে পাশে থাকবে। তোমার উপার্জনের কিছু অংশ অভাবগ্রস্তদের দেবে। ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নেবে। তাহলেই তোমরা সুস্থ থাকবে—মৃত্যুর আগে ও পরে।’

‘আর সবশেষে মনে রাখবে—তোমার জীবন হবে ইতিকাফ-কেন্দ্রিক। মনটা সর্বদা মসজিদের সাথে যুক্ত থাকবে—আল্লাহর ঘরের সাথে। আল্লাহর হক যেন কোনভাবেই নষ্ট না হয়। আর যতক্ষণ মসজিদের বাইরে থাকবে, ততক্ষণ বান্দার হক আদায় করবে।’

‘এই কাজগুলো যদি ঠিকমতো করতে পারো, তাহলে তুমি মুক্তির সনদ লাভ করবে। জাহান্নাম থেকে চিরদিনের জন্য নাজাত পাবে। আর তোমার জীবনগাড়ি নিরাপদে পৌঁছে যাবে জীবনের শেষ ডেস্টিনেশন—জান্নাতে। সেখানে ফিরে যাবে নিজের চিরস্থায়ী ঘরে; যেখানে আর কোন কষ্ট থাকবে না—না ক্ষুধার কষ্ট, না অভাবের কষ্ট, না মৃত্যুর কষ্ট, না বার্ধক্যের কষ্ট।’

‘আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে না শোনো, তাহলে কিন্তু সারা জীবন পস্তাতে হবে। কাঁদতে হবে। তখন কিন্তু তোমার কান্না কেউ শুনবে না। তাই মনে রাখবে—আমার মতো আপন বন্ধু তুমি আর কাউকে পাবে না। আমি একটি মাসের জন্য তোমাদের কাছে এসেছি—এই কথাগুলো বলার জন্য।’

রমযান যেন আমাদের জীবনগাড়িকে নতুন করে সঠিক দিকনির্দেশনা দিয়ে যায়। হৃদয়ের অন্ধকার দূর করে ঈমানের আলো জ্বালিয়ে দেয়। এই বরকতময় মাসের শিক্ষা যদি আমরা সারা বছরের জীবনে ধরে রাখতে পারি, তাহলেই রমযানের প্রকৃত প্রাপ্তি অর্জিত হবে।

মহান আল্লাহ তা'আলা আমাদের সকলকে রমযানের রহমত, মাগফিরাত ও নাজাতের পূর্ণ অংশীদার বানিয়ে দিন এবং আমাদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত করার তাওফিক দান করুন। আমীন।

লেখক: মাদরাসা শিক্ষক ও আলেম লেখক, পশ্চিমবঙ্গ, ভারত

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ