আন্তর্জাতিক ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীর ওয়াক্ফ বোর্ডের অধিভুক্ত মসজিদ, দরগাহ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে জুমার খুতবার বিষয়বস্তু আগে থেকেই নির্ধারণ করতে কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটিতে মুফতি, ইমাম ও খতিবরা থাকবেন।
সম্প্রতি শ্রীনগরের সোনোয়ারে ওয়াক্ফ বোর্ডের কেন্দ্রীয় কার্যালয়ে আলেম, মুফতি, ইমাম ও খতিবদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ওয়াক্ফ বোর্ডের সদস্য ডা. গোলাম হালিম ও সৈয়দ মুহাম্মদ হুসাইন হক্কানিও উপস্থিত ছিলেন। জম্মু বিভাগের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন।
বৈঠকে আলেমদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ওয়াক্ফ বোর্ডের অধিভুক্ত মসজিদগুলোতে জুমার খুতবার বিষয়বস্তুতে সামঞ্জস্য আনার বিষয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটি আগেই খুতবার বিষয় নির্ধারণ করবে এবং সংশ্লিষ্ট আলেমদের তা জানিয়ে দেওয়া হবে।
জম্মু ও কাশ্মীর ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ দরখশাঁ আন্দ্রাবি বলেন, বিভিন্ন মতাদর্শের ইমামদের একত্র করা, ঈমানি চেতনা জোরদার, সামাজিক সংস্কার, মানবসেবা এবং সামাজিক অনাচার দূর করাই এ উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, জুমার খুতবার মাধ্যমে মানুষের কাছে ইতিবাচক ও উদ্দেশ্যপূর্ণ বার্তা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ, ঐক্য, সম্প্রীতি ও দায়িত্ববোধ জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে কাশ্মীর উপত্যকা ও জম্মু বিভাগের বেশ কয়েকজন বিশিষ্ট আলেম ও ইমাম অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন মাওলানা আবদুর রশিদ দাউদি, মাওলানা রিয়াজুল হক নূরাবাদি, মাওলানা আমিরুদ্দিন শাহ ও মাওলানা আবদুল হামিদ নাঈমিসহ অনেকে।
ওয়াক্ফ বোর্ডের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার পাশাপাশি ইসলামের শিক্ষার আলোকে সামাজিক সংস্কার ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। সূত্র: ইউএনএ নিউজ
এসএইচ/