আন্তর্জাতিক ডেস্ক
আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ সামলাতে ইরান আর বেশি দিন সক্ষম নয়।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর বেশিদিন টিকে থাকতে পারবে না।’
ট্রাম্পের মতে, ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলতে চায় এবং এমন একটি দুর্বল মার্কিন সরকার প্রত্যাশা করছে, যারা তেহরানকে চাপ দেবে না এবং পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। সাধারণত মধ্যবর্তী নির্বাচনকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ও তার সরকারের কর্মকাণ্ডের ওপর ভোটারদের এক ধরনের মূল্যায়ন হিসেবেও দেখা হয়।
ইরানের সঙ্গে বিরোধ এখন আর শুধু দেশটির পারমাণবিক কর্মসূচিকে ঘিরে নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমি পারমাণবিক চুক্তির চেয়েও অনেক বেশি কিছু নিয়ে কথা বলছি।’
ট্রাম্প জানান, ভবিষ্যতে ইরানের সঙ্গে কোনো আলোচনা হলে পারমাণবিক ইস্যু অবশ্যই থাকবে। তবে এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আলোচনার টেবিলে আসতে পারে, যেগুলো তিন মাস আগেও আলোচনার অংশ হওয়ার সম্ভাবনা ছিল না।
ইরানের সঙ্গে আলোচনা সম্ভব বলেও স্বীকার করেন তিনি। তবে এখনই কোনো চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে না বলে স্পষ্ট করেন ট্রাম্প।
তিনি বলেন, ‘আমরা এর জন্য চেষ্টা করছি না। আলোচনা সম্ভব হতে পারে, কিন্তু বিষয়টি এখন আমাদের বিবেচনায় নেই।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে মূল্যস্ফীতি ৩০০ শতাংশে পৌঁছেছে এবং দেশটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে।
তার দাবি, যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক চাপ ইরানকে দুর্বল করে দিচ্ছে। যুদ্ধ শেষ হলে এর প্রভাব জ্বালানি বাজারেও পড়বে এবং তেলের দাম দ্রুত কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।
ট্রাম্প জানান, মধ্যবর্তী নির্বাচনের পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নেওয়া হবে এবং তার প্রশাসন প্রতি গ্যালন পেট্রলের দাম ২ ডলারের নিচে নামিয়ে আনার চেষ্টা করবে।
হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৯টি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।
তিনি বলেন, ‘আপনারা আরও অনেক কিছু দেখতে পাবেন। আমরা তাদের প্রায় নয়টি তেলবাহী জাহাজ ধ্বংস করেছি।’
সূত্র: সামাটিভি
আইও/