সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ।। ১৬ ভাদ্র ১৪৩৩ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৮


মক্কার জাদুঘরে নবম শতাব্দীর বিরল কুরআনের পাণ্ডুলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মক্কার হিরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত পবিত্র কুরআন জাদুঘরে প্রদর্শন করা হচ্ছে কুরআনের একটি বিরল ও ঐতিহাসিক পাণ্ডুলিপি। পাণ্ডুলিপিটির একটি পৃষ্ঠা তৃতীয় হিজরি শতাব্দীর, যা খ্রিষ্টীয় নবম শতাব্দীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ঐতিহাসিক এই নিদর্শন কোরআনের পাণ্ডুলিপি তৈরির প্রাথমিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করছে।

প্রদর্শিত পাণ্ডুলিপির পাতায় সূরা মারইয়ামের একটি অংশ লেখা রয়েছে। পার্চমেন্টে লাল কালিতে লেখা ওই পাণ্ডুলিপিতে কোনো হরকত বা স্বরচিহ্ন এবং বর্ণের নুকতা ব্যবহার করা হয়নি। প্রাথমিক যুগের কুরআনি লেখার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে এ ধরনের লিখনপদ্ধতি ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।

জাদুঘর কর্তৃপক্ষের এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা কুরআনের লিখনপদ্ধতির ক্রমবিকাশ এবং ইসলামের প্রাথমিক শতাব্দীগুলোতে কুরআন সংরক্ষণ ও লিপিবদ্ধ করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।

হিরা সাংস্কৃতিক জেলার অন্যতম প্রধান আকর্ষণ এই পবিত্র কুরআন জাদুঘর। এখানে কুরআনের ইতিহাস, বিভিন্ন বৈজ্ঞানিক দিক, লিখনপদ্ধতির বিকাশ এবং কুরআন লিপিবদ্ধ ও সংকলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে।

জাদুঘরের আধুনিক প্রদর্শনী হল ও ইন্টার‌্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীদের জন্য কুরআনের ইতিহাস ও ঐতিহ্যকে আরও আকর্ষণীয় ও শিক্ষামূলকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনের মাধ্যমে ইসলামের প্রাথমিক যুগে কুরআন সংরক্ষণ ও লিখনপ্রক্রিয়ার ঐতিহাসিক ধারার সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। সূত্র: আরব নিউজ

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ