আন্তর্জাতিক ডেস্ক
হজ ২০২৭ উপলক্ষে আন্তর্জাতিক হাজিদের জন্য ‘আগ্রহ নিবন্ধন’ (Registration of Interest) চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারি নুসুক হজ (Nusuk Hajj) প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সম্ভাব্য হাজিরা প্রাথমিকভাবে নিজেদের তথ্য জমা দিয়ে হজের আগ্রহ নিবন্ধন করতে পারবেন।
নুসুক হজ প্ল্যাটফর্মে আগ্রহ নিবন্ধনের মাধ্যমে সম্ভাব্য হাজিরা আসন্ন হজের প্যাকেজ সম্পর্কে তথ্য পাওয়ার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন। সংশ্লিষ্ট দেশের বাজারের জন্য হজ প্যাকেজ উন্মুক্ত হলে এবং আনুষ্ঠানিক বুকিং প্রক্রিয়া শুরু হলে নিবন্ধনকারীদের এ বিষয়ে জানানো হবে।
তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, আগ্রহ নিবন্ধন হজের চূড়ান্ত বুকিং বা নিশ্চিত হজযাত্রার নিশ্চয়তা নয়। অর্থাৎ, শুধু আগ্রহ নিবন্ধন করলেই হজের প্যাকেজ নিশ্চিত হয়েছে—এমনটি ধরে নেওয়া যাবে না।
সম্ভাব্য হাজিদের সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘নিশ্চিত হজ প্যাকেজ’ দেওয়ার দাবি করা অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে লেনদেন না করার জন্য সতর্ক করা হয়েছে।
হজ ২০২৭কে সামনে রেখে সৌদি আরবের প্রস্তুতিও ইতোমধ্যে শুরু হয়েছে। আন্তর্জাতিক হাজিদের জন্য হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও ডিজিটাল করার অংশ হিসেবে নুসুক হজ প্ল্যাটফর্মের মাধ্যমে আগাম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন
আইও/