আন্তর্জাতিক ডেস্ক
মুসলিমদের ভালোবাসা, আন্তরিকতা ও আপনত্বে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন এক মার্কিন তরুণ। সম্প্রতি একটি মসজিদে এসে তিনি ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। পরে ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জেনে ও নিজের সিদ্ধান্তে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেন তিনি।
পরিচিত দাঈ ও বক্তা ড. সাবিল আহমদ তার সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ঘটনাটি জানিয়েছেন।
ড. সাবিল আহমদের বর্ণনা অনুযায়ী, মসজিদে আসা ওই তরুণকে জিজ্ঞাসা করা হয়—ইসলামের কোন বিষয় তাকে আকৃষ্ট করেছে। জবাবে তিনি জানান, তিনি কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেননি। তবে এমন একটি সম্প্রদায়ের সন্ধানে ছিলেন, যেখানে তিনি আপনত্ব ও গ্রহণযোগ্যতার অনুভূতি পাবেন।
তরুণটি বলেন, মুসলিমদের মধ্যে তিনি যে ভালোবাসা, আন্তরিকতা ও গ্রহণযোগ্যতা অনুভব করেছেন, তা এর আগে কখনো অনুভব করেননি।
ইসলাম গ্রহণের আগে ওই তরুণ ইসলামের মৌলিক আকিদা, ইসলামের পাঁচ স্তম্ভ, নামাজ, পবিত্র কোরআন, এক আল্লাহর ইবাদত এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা সম্পর্কে পড়াশোনা করেন। পাশাপাশি ইসলাম সম্পর্কে আরও জানার আগ্রহও প্রকাশ করেন তিনি।
কালেমা পড়ানোর আগে ড. সাবিল আহমদ নিশ্চিত হন যে, তরুণটি ইসলাম গ্রহণের অর্থ ও তাৎপর্য ভালোভাবে বুঝেছেন। তাকে স্পষ্টভাবে জিজ্ঞাসা করা হয়, কেউ তাকে ইসলাম গ্রহণে বাধ্য বা চাপ প্রয়োগ করেছে কি না। জবাবে তরুণটি জানান, তার ওপর কোনো ধরনের চাপ ছিল না।
এরপর নিজের পড়াশোনা, উপলব্ধি ও ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে ইসলাম গ্রহণ করেন ওই মার্কিন তরুণ। তিনি সাক্ষ্য দেন—আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল।
এ ঘটনাকে সামনে রেখে মুসলিমদের আচরণ ও মসজিদের ভূমিকার গুরুত্বের কথাও তুলে ধরেছেন ড. সাবিল আহমদ। তিনি বলেন, মানুষের সঙ্গে আমাদের আচরণ, তাদের স্বাগত জানানোর ধরন এবং ইসলাম সম্পর্কে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিমদের আন্তরিকতা ও সুন্দর আচরণ অনেক মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
আরএইচ/