ভারতের মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন ও ধোঁয়ায় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) চিকিৎসাধীন তিন নবজাতকের মৃত্যু হয়েছে। এ সময় ইউনিটে থাকা আরও কয়েক ডজন নবজাতককে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় ছয় নবজাতক গুরুতর আহত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ভোররাতে মহারাষ্ট্রের অমরাবতী জেলা নারী হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় একটি ভেন্টিলেটর বিস্ফোরিত হলে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার সময় হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে মোট ৩৯ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
উদ্ধারের সময় চিকিৎসা সরঞ্জামের সংযোগ বিচ্ছিন্ন করে একে একে নবজাতকদের আগুন ও ধোঁয়ায় আক্রান্ত এলাকা থেকে বের করে আনা হয়। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় ছয় নবজাতক গুরুতর আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য কাছের একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে আগুনে তিন নবজাতক গুরুতরভাবে দগ্ধ হয়। পাশাপাশি ঘন ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনেরই মৃত্যু হয়।
এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারণে ভেন্টিলেটরটি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হলো এবং অগ্নিকাণ্ডে মোট কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএইচ/