আন্তর্জাতিক ডেস্ক
জাপানে গত কয়েক বছরে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালের শেষ দিকে দেশটিতে মুসলিমের সংখ্যা আনুমানিক ২ লাখ ৩০ হাজার ছিল। চলতি ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে জাপানে মুসলিম জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির এই হার জাপানের মোট বিদেশি জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। ফলে দেশটির সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে মুসলিমদের উপস্থিতি আগের তুলনায় আরও দৃশ্যমান হয়ে উঠেছে।
জাপানে মুসলিমদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মসজিদের সংখ্যাও। দেশটিতে মুসলিম সম্প্রদায়ের বিস্তারের একটি দৃশ্যমান দৃষ্টান্ত হিসেবে মসজিদের সংখ্যা বৃদ্ধিকে উল্লেখ করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০২১ সালে জাপানজুড়ে মসজিদের সংখ্যা ১১০টি ছাড়িয়েছিল। ২০২৬ সালের শেষ নাগাদ সেই সংখ্যা বেড়ে ১৬০টিরও বেশি হয়েছে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে দেশটিতে মসজিদের সংখ্যা বেড়েছে অর্ধশতাধিক।
জাপানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকদের বড় ভূমিকা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য ও অন্যান্য মুসলিমপ্রধান দেশের নাগরিকদের উপস্থিতিও দেশটিতে বেড়েছে।
কর্মসংস্থান, উচ্চশিক্ষা ও ব্যবসাসহ বিভিন্ন কারণে বিদেশিদের জাপানে বসবাসের প্রবণতা বাড়ছে। তাদের সঙ্গে দেশটিতে মুসলিম সম্প্রদায়ের পরিসরও বিস্তৃত হচ্ছে।
ফলে একসময় জাপানের ধর্মীয় ও সামাজিক জীবনে তুলনামূলকভাবে সীমিত উপস্থিতি থাকা মুসলিম সম্প্রদায় এখন দেশটির বিভিন্ন শহরে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। নতুন মসজিদ প্রতিষ্ঠার পাশাপাশি হালাল খাবারের দোকান, ইসলামিক সেন্টার ও মুসলিমবান্ধব বিভিন্ন সেবার পরিধিও বাড়ছে।
সব মিলিয়ে জাপানে মুসলিম জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং মসজিদের সংখ্যা বাড়ার প্রবণতা দেশটির পরিবর্তিত জমিতিক ও সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে সামনে আসছে। সূত্র: মিল্লাত টাইমস উর্দু
এমএন/