আন্তর্জাতিক ডেস্ক
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা বদরুদ্দিন আজমলের আহ্বানে পরিচালিত ত্রাণ তহবিলে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংগৃহীত বিপুল পরিমাণ অর্থ আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা যায়, মাওলানা বদরুদ্দিন আজমলের নির্দেশনায় তাঁর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) উদ্যোগ আজমল সিএসআর–এর অধীনস্থ প্রতিষ্ঠান এইচএএম (HAMM) হাসপাতাল, আজমল ফাউন্ডেশন এবং মারকাজুল মা'আরিফ যৌথভাবে বন্যাদুর্গত মানুষের জন্য অনুদান সংগ্রহ করে। পরে সংগৃহীত সেই অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে বন্যাকবলিত মানুষের দুর্দশা লাঘবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মানবিক উদ্যোগ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা বদরুদ্দিন আজমল। তিনি সহযোগিতাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, বিপদ-দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ইসলামি দায়িত্ব।
তিনি আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ বন্যার্তদের সহযোগিতায় আরও এগিয়ে আসবেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে এবং সংগৃহীত অনুদান স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় করা হবে।
আরএইচ/