আন্তর্জাতিক ডেস্ক
মেক্সিকোর পুয়ের্তো মাদেরো উপকূলীয় এলাকায় ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রসাশন।
শুক্রবার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৮.৪৮ মিনিটে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যের পুয়ের্তো মাদেরো শহর থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এই তথ্য জানিয়েছেন, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
এদিকে এই জোরালো কম্পন প্রতিবেশী দেশ গুয়াতেমালা এবং এল সালভাদর-এও তীব্রভাবে অনুভূত হয়েছে, যার ফলে গুয়াতেমালা সিটির বেশ কিছু ভবন কেঁপে ওঠে বলে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ এবং উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে।
তবে ভূমিকম্পটির কেন্দ্রস্থল অগভীর হওয়ায় যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোতে বিপজ্জনক সুনামি তরঙ্গ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: রয়টার্স, স্কাই নিউজ
আইও/