মসজিদে নববির ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির ধর্মবিষয়ক প্রেসিডেন্ট শায়খ আবদুর রহমান আল-সুদাইস। আসন্ন হজ উপলক্ষে জিয়ারতকারীদের জন্য গৃহীত সেবাব্যবস্থার প্রস্তুতি পর্যালোচনা করেছেন তিনি।
ইনসাইট দ্য হারামাইনের খবরে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) বিশ্ববিখ্যাত কারী শায়খ আস-সুদাইস মসজিদে নববিতে এলে তাঁকে স্বাগত জানান ইমামসহ দায়িত্বশীল কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হজের মৌসুমকে সামনে রেখে সেবার মান আরও উন্নত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং ধর্মীয় পরিবেশ সুসংহত রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতেই শায়খ সুদাইসের এই গুরুত্বপূর্ণ সফর।
মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববির সম্মানিত ইমামদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে পারস্পরিক সমন্বয় জোরদার, দায়িত্বশীলতা বৃদ্ধি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে মসজিদে নববির দাওয়াতি ও আধ্যাত্মিক বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় শায়খ সুদাইস বলেন, মসজিদে নববি শুধু একটি ইবাদতের স্থান নয়; এটি বিশ্ব মুসলিম উম্মাহর জন্য হেদায়াত, শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য কেন্দ্র। তাই এখানে আগত প্রতিটি মুসল্লি ও জিয়ারতকারীর জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল বৃদ্ধি এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে সেবার মান উন্নয়নে প্রেসিডেন্সি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ধর্মীয় বার্তা প্রচারে ইমামদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
আরএইচ/