বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৬ ফাল্গুন ১৪৩২ ।। ২ রমজান ১৪৪৭


ইরানে শনিবারের মধ্যেই অভিযান চালাতে পারেন ডোনাল্ট ট্রাম্প 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় কোনো ইতিবাচক ফল আসেনি মার্কিন যুক্তরাষ্ট্রের। তাই আগামী শনিবারের মধ্যেই দেশটিতে আক্রমণ চালানোর নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সম্ভাব্য সামরিক অভিযানের সময়সূচি নিয়ে বৈঠক করেছেন তিনি। চলতি সপ্তাহান্তের শনিবারের মধ্যেই ইরানে অভিযান চালানোর জন্য সামরিক বাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে অভিযানের  বিষয়ে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেও জানা গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে  ১৯ ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার ) সিবিএস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো বলছে, এ বিষয়ে আলোচনা এখনো চলমান এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি, ও রাজনৈতিক, সামরিক প্রতিক্রিয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে হোয়াইট হাউস সিদ্ধান্ত পর্যালোচনা করছে।

ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পেন্টাগন মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা ও কর্মীকে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে সরিয়ে নিচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।

সূত্র জানায়, সম্ভাব্য সামরিক হামলার আগে এ ধরনের প্রতিক্রিয়া পেন্টাগনের স্বাভাবিক প্রক্রিয়া। যদিও সেনা কিংবা কর্মীকে সরানো হলেই যে হামলা হবে বিষয়টি তেমন নয়।

বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ব্রিফিংয়ে বলেন, ইরানের বিরুদ্ধে হামলার পক্ষে অনেক কারণ ও যুক্তি রয়েছে, তবে কূটনীতিই সবসময় প্রেসিডেন্টের প্রথম পছন্দ। সম্ভাব্য এ হামলা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হবে কি না; সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

লেভিট আরও বলেন, গত বছরের জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা ছিল একটি সফল অভিযান। তিনি বলেন, ইরানের উচিত প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।

বুধবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ইরান ইস্যুতে বৈঠক হয়েছে বলে সিবিএস নিউজকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা ও এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে অঞ্চলটিতে মোতায়েন সব মার্কিন বাহিনী পূর্ণ প্রস্তুত অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন তারা।

এদিকে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই দেশটির কাছে বিমান ও নৌ সামরিক সক্ষমতা ধারাবাহিকভাবে জোরদার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, এফ-৩৫ লাইটনিং টু, এফ-২২ র‍্যাপ্টর এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকনসহ গত ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

 

আই.এইচ./


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ