যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা বাড়ছে ইরানে। এ সময় রাজধানী তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয় বা বাঙ্কারে অবস্থান নিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি । ইরান সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন হামলার ঝুঁকি বেড়েছে বলে সর্বোচ্চ নেতাকে সতর্ক করেন। এর পরিপ্রেক্ষিতেই খামেনিকে একটি সুরক্ষিত স্থাপনায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আশ্রয়কেন্দ্রটি অত্যন্ত শক্তিশালীভাবে সুরক্ষিত এবং এটি একাধিক ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে সংযুক্ত। জরুরি পরিস্থিতিতে দ্রুত স্থান পরিবর্তন ও যোগাযোগ বজায় রাখার সুবিধার কথা বিবেচনায় রেখে এই স্থাপনাটি ব্যবহার করা হচ্ছে বলে সূত্রগুলো দাবি করেছে।