পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতের সময় গত মাসে নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে সংঘাতে ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে ভারত সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য দেয়নি ভারতীয় সামরিক বাহিনী।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ।
সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে আন্তঃসরকারি নিরাপত্তা সম্মেলনের শাংরি-লা ডায়ালগের ফাঁকে ব্লুমবার্গকে স্বাক্ষাৎকার দিয়েছেন অনীল চৌহান। সাক্ষাৎকারে আনিল চৌহান পাকিস্তানের ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিকে ‘‘একেবারে ভুল’’ বলে অভিহিত করেন।